হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক মেসির


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক মেসির

আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তার অসাধারণ নৈপুণ্যে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। একই সঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে নিজের নাম লিখিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচটিতে তিন গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৬-তে উন্নীত করেন মেসি। এর আগে এককভাবে ১৬ গোল নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার অবস্থানে ছিলেন ক্লোসা। ফলে এখন যৌথভাবে শীর্ষস্থান ভাগাভাগি করছেন ফুটবলের দুই কিংবদন্তি।

বিশ্বকাপে একাধিক রেকর্ডের হাতছানি নিয়ে মাঠে নামেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার অনন্য কীর্তিও গড়েন তিনি।

ম্যাচের ১৭ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া বাঁ-পায়ের দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান বল স্পর্শ করলেও তা জালে জড়ানো ঠেকাতে পারেননি। প্রথমার্ধে এই একমাত্র গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট গোলরক্ষকের হাত থেকে ছিটকে এলে সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান তিনি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর ১৫ গোলের রেকর্ডও স্পর্শ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

এরপর ৭৬ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শক্তিশালী শটে নিজের তৃতীয় গোল পূর্ণ করেন মেসি। এর মধ্য দিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো হ্যাটট্রিকের স্বাদ পান তিনি। একই সঙ্গে ২৭তম বিশ্বকাপ ম্যাচে খেলতে নেমে ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডও স্পর্শ করেন। মেসির হ্যাটট্রিকের দিনে দারুণ জয় তুলে নেয় আর্জেন্টিনা। আর বিশ্বকাপের ইতিহাসে নিজের নামের পাশে যোগ করেন আরও একটি অবিস্মরণীয় অধ্যায়।