স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন মির্জা ফখরুল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন মির্জা ফখরুল

চলতি বছরের বর্ষা মৌসুমের পরপরই দেশের স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে ধাপে ধাপে এসব নির্বাচন আয়োজন করা হবে।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করা হবে। বাজেটের প্রাপ্যতার বিষয়টি বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি জানান, শুরুতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করা হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও আগামী এক বছরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে সরকারের।

সংসদে স্থানীয় সরকার মন্ত্রী আরও জানান, দেশের সব উপজেলায় সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য উপজেলা পরিষদের ভেতরে একটি করে পরিদর্শন কক্ষ নির্মাণ করা হবে। এ জন্য প্রতিটি উপজেলার জন্য ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

ঢাকা মহানগরীর পানির চাহিদা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে বর্তমানে প্রতিদিন পানির চাহিদা ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার। এর বিপরীতে ঢাকা ওয়াসার দৈনিক উৎপাদন সক্ষমতা ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী পানি পরিশোধন করা হয় এবং প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকা থেকে ৪০ থেকে ৫০টি পানির নমুনা পরীক্ষা করে গুণগত মান নিশ্চিত করা হয়।

জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে মন্ত্রী বলেন, নাগরিকদের ভোগান্তি কমাতে নতুন সংস্করণের সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অনলাইনে অর্থ পরিশোধের সুবিধা যুক্ত থাকবে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ছোট আকারের ঢাকা-ঢাকনাযুক্ত যানবাহনের মাধ্যমে পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য অপসারণের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি যুবসমাজকে মাদক ও অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতি থেকে দূরে রাখতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম নেওয়া হয়েছে বলেও সংসদে জানান মন্ত্রী।