
মূলধারার গণমাধ্যমের বাইরে বর্তমানে সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতার বিকাশ ঘটেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, এ বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই এবং সিটিজেন জার্নালিজম নিয়ে একটি নীতিমালা তৈরির প্রয়োজন রয়েছে।
সোমবার (১৬ জুন) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে, যেটা অস্বীকার করার কিছু নেই। এই জার্নালিজম নিয়ে নীতিমালা তৈরির প্রয়োজন রয়েছে।” তিনি আরও বলেন, যেসব সিটিজেন জার্নালিজম নিজেদের শিল্প প্রতিষ্ঠান হিসেবে দাবি করে, তাদের সরকারের নির্ধারিত শিল্প প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে পরিচালিত হতে হবে।
গণমাধ্যম কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম কমিশন দাঁড় করাতে পারলে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর একটি হবে এটি।
তিনি অভিযোগ করেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে গণতন্ত্র চর্চার মানদণ্ড নষ্ট করেছে ফ্যাসিবাদী সরকার। তার ভাষ্য, গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে বন্ধ না করলেও জনগণের বাকস্বাধীনতা বাধাগ্রস্ত করতে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। বর্তমান সাংবাদিকতার পরিবেশ আগের সময়ের তুলনায় অনেক পরিবর্তিত হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কারে সরকার অংশীদার হিসেবে কাজ করতে চায়।
তিনি আরও বলেন, ক্ষমতায় আসার পর তারেক রহমানের সরকার গণমাধ্যমকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করছে। আলোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :