লন্ডনে হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, অনুষ্ঠান ঘিরে উত্তেজনা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
লন্ডনে হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, অনুষ্ঠান ঘিরে উত্তেজনা

লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ জুন) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদের পেছনে মায়েদা ব্যাঙ্কুয়েটিং হলে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে অতিথি করা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠান শুরুর কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে পৌঁছান রাত ৯টার দিকে। এ সময় কয়েক ডজন পুলিশ সদস্যের নিরাপত্তায় বিকল্প একটি প্রবেশপথ দিয়ে তিনি ভেন্যুর ভেতরে প্রবেশ করেন।

এর আগে বিকেল থেকেই ভেন্যুর আশপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা “জুলাই আন্দোলনের” ওই নেতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে পুলিশ হস্তক্ষেপ করে।

এছাড়া দুপুরে পূর্ব লন্ডনের এলেম পার্ক এলাকায়ও একই ধরনের ঘটনা ঘটে। সেখানে হাসনাত আবদুল্লাহকে ধাওয়া দিয়ে ডিম নিক্ষেপ করা হয় বলে জানা যায়। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমেরও। জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি সেমিনারে অংশ নিতে তারা বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে লন্ডনে অবস্থানরত বাংলাদেশি রাজনৈতিক কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রবাসী রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিদেশের মাটিতে একজন সংসদ সদস্যের অনুষ্ঠান ঘিরে এমন প্রকাশ্য বিক্ষোভ ও হামলার ঘটনা বিরল, যা রাজনৈতিক উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে।