
ফরিদপুরের ভাঙ্গায় কভার ভ্যানের ধাক্কায় অটোভ্যান দুমড়ে-মুচড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যান চালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ভাঙ্গা বাসস্ট্যান্ডের উত্তর-পূর্ব পাশে মধ্য হাসমদিয়া এলাকায় ভাঙ্গা-মাওয়া সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোরাব মোল্লা (৭০) ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা সদরদী গ্রামের বাসিন্দা। প্রতিদিনের মতোই জীবিকার সন্ধানে ভোরে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তোরাব মোল্লাকে নিয়ে অটোভ্যানে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার ভ্যান (ঢাকা মেট্রো-ট-১২-৩৫৪৪) অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং তোরাব মোল্লা ও চালক বজলু মৃধা (৪৫) গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোরাব মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত চালককে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করে। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :