৬৪ কেজি মাছ জব্দ

ভেড়ামারায় জাটকা ইলিশ বিক্রির দায়ে মোবাইল কোর্টে দুইজনকে জরিমানা


ভেড়ামারা উপজেলা প্রতিনিধি, ইখলাস হোসেন প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
ভেড়ামারায় জাটকা ইলিশ বিক্রির দায়ে মোবাইল কোর্টে দুইজনকে জরিমানা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কলেজ বাজারে জাটকা ইলিশ বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট ৫ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার যৌথ উদ্যোগে কলেজ বাজার মাছ আড়তে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান।

ভেড়ামারা উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. সাপানুজ্জামান জানান, আড়তদার সুলতান আলীকে ৫ হাজার টাকা এবং শ্রমিক সিহাবকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান বলেন, অভিযানে ৬৪ কেজি জাটকা ইলিশ বিক্রির প্রমাণ পাওয়া যায়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ধারা-৪ অনুযায়ী দুইটি পৃথক মামলায় এই জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জব্দকৃত ৬৪ কেজি জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।