ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার, রনি প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ময়মনসিংহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে গত ১৪ জুন ২০২৬  বিকেল ৫টা ৩৫ মিনিটে ভালুকা মডেল থানার মেদিলা এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ নূরুল আমীন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ভালুকা উপজেলার বাহির পাথার গ্রামের মৃত মমিন বেপারীর ছেলে।

অপর অভিযানে একই দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ভালুকা মডেল থানার জামিরদিয়া কুমারপাড়া এলাকা থেকে ১৮০ পিস ইয়াবাসহ মো. রিপন বেপারী (৩০) এবং মো. জাকারুল ইসলাম (৩১) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা যথাক্রমে ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২ হাজার ৫০০ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।