মদনে হোটেলের আড়ালে মাদক ব্যবসা: ১০০ ইয়াবাসহ হীরা গ্রেপ্তার


মদন উপজেলা প্রতিনিধি, রফিকুল ইসলাম: প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
মদনে হোটেলের আড়ালে মাদক ব্যবসা: ১০০ ইয়াবাসহ হীরা গ্রেপ্তার

নেত্রকোনার মদন পৌরসভায় হোটেল ব্যবসার আড়ালে মাদক বিক্রির অভিযোগে মো. হীরা মিয়া (৩৭) নামের এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে মদন বাজার এলাকায় মদন থানার এসআই ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেপ্তার হওয়া হীরা মিয়া কুলিয়াটি বড়বাড়ী গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফয়সাল, এএসআই সাকিব, মাহবুব ও মাহফুজসহ পুলিশের একটি দল মদন বাজারের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালায়। এ সময় হীরা মিয়ার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১২ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, হীরা মিয়া দীর্ঘদিন ধরে মদন বাজারের “তুরা সুইট অ্যান্ড ফুড” নামের একটি হোটেলের আড়ালে ইয়াবা বিক্রি করে আসছিলেন। এর আগেও তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দীন করিম বলেন, ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে নেত্রকোনা জেল হাজতে পাঠানো হবে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।