নতুন মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ
নতুন মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

সোমবার (১৫ জুন) ঢাকার মহানগর হাকিম মো. হাসান শাহাদাত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ।

আদালত সূত্রে জানা যায়, তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান। আবেদনে তিনি উল্লেখ করেন, তদন্তে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তৌহিদ আফ্রিদিকে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, চলতি বছরের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে এক ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। প্রথমে বিভিন্ন ধাপে বিনিয়োগে উৎসাহিত করা হয় এবং অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে তার আস্থা অর্জন করা হয়। পরে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে বড় অঙ্কের টাকা নেওয়া হয়। একপর্যায়ে মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর হত্যা মামলাসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় বিভিন্ন সময় তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে।