
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া থেকে বটতলা বাজার অভিমুখী প্রায় দুই কিলোমিটার দীর্ঘ চলাচলে অযোগ্য একটি রাস্তা নিজ অর্থায়নে মেরামত করছেন স্থানীয় গ্রামবাসী।
বর্ষা মৌসুমে রাস্তাটির বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। উপায় না পেয়ে শেষ পর্যন্ত গ্রামের সর্বস্তরের মানুষ চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভাঙা ইট ফেলে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে আসলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এলজিইডি কর্তৃপক্ষ একাধিকবার মাপজোখ করলেও বাস্তবায়ন হয়নি উন্নয়ন কাজ। এতে হতাশ হয়ে স্থানীয়রা নিজেরাই রাস্তাটি মেরামতের উদ্যোগ নেন।
ভুক্তভোগী এক বাসিন্দা বলেন, ভোটের সময় জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও পরে আর কোনো খোঁজ রাখেন না। অনেকবার আবেদন করেও কোনো ফল পাইনি। বাধ্য হয়ে নিজেরাই কাজ শুরু করেছি। আরেক প্রবীণ বাসিন্দা আক্ষেপ করে বলেন, “আমাদের বয়স শেষের পথে, কিন্তু রাস্তার কাজ শুরু হতে দেখলাম না।”
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আমিনুল হক বলেন, এলাকাবাসী দীর্ঘদিন ধরে কষ্টে আছেন, বিষয়টি তার জানা রয়েছে। আগামী বাজেটে বরাদ্দ এলে রাস্তাটি উন্নয়নের আওতায় আনার আশ্বাসও দেন তিনি। স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তাটি পাকাকরণ করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।
আপনার মতামত লিখুন :