সাতক্ষীরায় দিনব্যাপী স্টার্টআপ সায়েন্স ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
সাতক্ষীরায় দিনব্যাপী স্টার্টআপ সায়েন্স ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা পর্যায়ে দিনব্যাপী স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার আয়োজনে ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আমিনুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন।

এছাড়া বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রিফাত ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিমুল মণ্ডল এবং রুমানা আক্তার।

প্রদর্শনীতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর মডেল এবং উদ্যোক্তা ধারণা উপস্থাপন করেন। এসব প্রকল্পে পরিবেশ সংরক্ষণ, কৃষি, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি ও দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের নানা উদ্ভাবনী চিন্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতার প্রশংসা করেন। শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী উদ্যোগকে আরও উৎসাহিত করবে এবং স্মার্ট ও উন্নত বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে গবেষণামনস্কতা ও উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতেই এ ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। বিকাল সাড়ে ৩টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।