অপপ্রচার রুখতে সাতকানিয়া থানা পুলিশের প্রতিবাদ লিপি
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
চট্টগ্রামের সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া ও ভিত্তিহীন দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে থানা প্রশাসন। শনিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
থানা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে ‘কানে কম শোনেন ওসি, ভোগান্তি সেবাপ্রার্থীদের’ এবং ‘সাতকানিয়া ওসির শ্রবণ সমস্যা, সেবায় ভোগান্তির অভিযোগ’ শীর্ষক যেসব খবর প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, কাল্পনিক ও তথ্যবিহীন। একটি স্বার্থান্বেষী মহল কোনো প্রকার সত্যতা যাচাই না করে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় এই অপপ্রচার চালাচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাতকানিয়া থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান ওসি মো. জাহাঙ্গীর আলম আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিদিন শত শত সাধারণ সেবাপ্রার্থী থানায় আসছেন এবং কোনো প্রকার ভোগান্তি ছাড়াই সরাসরি ওসির সাথে সাক্ষাৎ করে তাদের সমস্যার সমাধান পাচ্ছেন।
মূলত মাদক, জুয়া, অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটা এবং স্থানীয় অপরাধ চক্রের বিরুদ্ধে সাতকানিয়া থানা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে সফল অভিযান পরিচালনা করায় একটি সুনির্দিষ্ট চক্র ক্ষুব্ধ হয়েছে। নিজেদের অবৈধ ও অপরাধমূলক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে তারা পুলিশ প্রশাসনের মনোবল ভাঙতে এবং ওসির ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এই ধরণের স্পর্শকাতর ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একজন সরকারি কর্মকর্তার শারীরিক সক্ষমতা নিয়ে কোনো প্রকার চিকিৎসাগত প্রমাণ বা নির্ভরযোগ্য তথ্য ছাড়াই এমন চটকদার ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার নীতিনৈতিকতার পরিপন্থী।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন,আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি এবং সরকারি বিধি মোতাবেক আমার পবিত্র দায়িত্ব সর্বোচ্চ সততার সাথে পালন করে যাচ্ছি। সাধারণ জনগণের জন্য আমার কক্ষ সবসময় উন্মুক্ত। একটি মহল নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে না পেরে এই অপপ্রচার চালাচ্ছে। আমি সুধী সমাজ ও সর্বস্তরের জনগণকে এই ধরণের পীত সাংবাদিকতা ও ভিত্তিহীন গুজবে কান না দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
একই সাথে প্রকৃত সত্য আড়াল করে যারা এমন কুরুচিপূর্ণ ও তথ্যহীন সংবাদ প্রকাশ এবং ফেসবুকে শেয়ার করেছেন, তাদেরকে এই ধরণের বিভ্রান্তিকর অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।
আপনার মতামত লিখুন :