
কুয়েতে সরকারি রাজস্ব স্ট্যাম্প জালিয়াতি ও অবৈধভাবে বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দীর্ঘদিনের নজরদারি, গোপন অনুসন্ধান ও তথ্য সংগ্রহের পর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে অংশ নেয় রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনস বিভাগ।
তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা হাসপাতালের ভেতরে ও বাইরে অবস্থান করে বিভিন্ন প্রবাসী ও প্রতিষ্ঠানকে জাল সরকারি স্ট্যাম্প সরবরাহ করতেন। তারা ৫ ও ১০ কুয়েতি দিনারের স্ট্যাম্প বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করে অবৈধভাবে অর্থ উপার্জন করছিলেন।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, চক্রটি অত্যন্ত সংগঠিতভাবে কাজ করত। তারা সরকারি স্ট্যাম্পের আসল কাগজ সংগ্রহ করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জাল স্ট্যাম্প তৈরি করত। অভিযানের সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, প্রিন্টার এবং স্ট্যাম্প তৈরির বিশেষ কাগজসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, একটি হাসপাতাল থেকে সরকারি স্ট্যাম্পের আসল রোল চুরি করে তা জালিয়াতিতে ব্যবহার করা হতো। পরে সেগুলো বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হতো। এ ঘটনায় রাষ্ট্রীয় নথিপত্রের নিরাপত্তা ও সরকারি রাজস্ব ব্যবস্থার ওপর ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আটক পাঁচজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি নথিপত্র ও রাজস্ব সংক্রান্ত যেকোনো ধরনের জালিয়াতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :