সাতক্ষীরা সীমান্ত থেকে সাড়ে ১৪ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ


মোঃ রমজান আলী সাতক্ষীরা প্রতিনিধি : প্রকাশের সময় : জুন ১২, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্ত থেকে সাড়ে ১৪ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ, চিংড়ি মাছের রেণু ও মদসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কাঁকডাঙ্গা, মাদরা, হিজলদী ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সদর উপজেলার বাদামতলা এলাকা থেকে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা জব্দ করে। একই সময়ে কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি দল কলারোয়া উপজেলার কেড়াগাছি ও ভাদিয়ালি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ঔষধ ও ১৫ বোতল মদ উদ্ধার করে।

এছাড়া মাদরা বিওপির দল রাজপুর এলাকায় এবং হিজলদী বিওপির দল বড়ালি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। অপরদিকে ঝাউডাঙ্গা ক্যাম্পের বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বোয়ালিয়া এলাকা থেকে চিংড়ি মাছের রেণুপোনা জব্দ করে।

অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বাহিনীটি। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত ভারতীয় পণ্য সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরির মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে এবং চোরাচালান দমনে কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।