নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস: অর্থমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস: অর্থমন্ত্রী

নারীদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ রুটে ‘পিংক বাস’ সার্ভিস চালুর ঘোষণা দেওয়া হয়েছে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে। সম্পূর্ণ নারী-পরিচালিত এই পরিবহন ব্যবস্থা নারীদের জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন। তিনি বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে।

তিনি আরও জানান, নারীদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা সম্প্রসারণে সরকার কাজ করছে। এর অংশ হিসেবেই ‘পিংক বাস’ সার্ভিস চালু করা হচ্ছে, যা সম্পূর্ণভাবে নারী চালক ও নারী ব্যবস্থাপনায় পরিচালিত হবে।

বাজেট অধিবেশনে এ ঘোষণা দেওয়া হলে নারী সংসদ সদস্যদের মধ্যে করতালি দিয়ে তা স্বাগত জানানো হয়। প্রস্তাবিত বাজেটে নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়নকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। একই সঙ্গে শহরাঞ্চলে কর্মজীবী নারীদের চলাচল আরও সহজ ও নিরাপদ করার লক্ষ্যে নতুন পরিবহন উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে প্রস্তাবিত বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৬ শতাংশ।

ঘাটতি পূরণে দেশীয় ও বৈদেশিক উৎস থেকে ঋণ গ্রহণের পরিকল্পনা রয়েছে সরকারের। একই সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা, ব্যবসা-বাণিজ্যে শিথিলতা এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ধীরে ধীরে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির’ পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য পুনর্ব্যক্ত করা হয়েছে।