
ষষ্ঠ শ্রেণি থেকে সকল শিক্ষার্থীর জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, আধুনিক ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার (৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় জায়গায় সংযোজন, বিয়োজন ও পরিমার্জন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে করা হবে।
মাহদী আমিন বলেন, নতুন শিক্ষাক্রমে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ, দক্ষতা এবং শিল্পখাতের সঙ্গে সংযোগ থাকবে। শিক্ষার্থীদের শুধু সনদনির্ভর না করে বাস্তব জীবনের জন্য উপযোগী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
তিনি আরও জানান, পাঠ্যক্রমে নতুন কয়েকটি বিষয় যুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ক্রীড়া শিক্ষা, সংস্কৃতি শিক্ষা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামের একটি নতুন বিষয়। এতে নৈতিকতা, মূল্যবোধ, দায়িত্বশীলতা ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার বিষয়গুলো শেখানো হবে।
এছাড়া তৃতীয় ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। আন্তর্জাতিক যোগাযোগ সক্ষমতা বাড়াতে শিক্ষাক্রমে ধীরে ধীরে এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। মাহদী আমিন বলেন, দীর্ঘদিনের সমস্যা বিবেচনায় নিয়ে শিক্ষা ব্যবস্থার সংস্কার একটি ধাপে ধাপে চলমান প্রক্রিয়া। একসঙ্গে সব পরিবর্তন করা সম্ভব নয়, তবে আগামী বছর থেকে আরও বিস্তৃত সংস্কার আনা হবে।
তিনি জানান, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য প্রায় ১৪ লাখ ট্যাব সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা আগামী অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। কারিগরি শিক্ষার প্রসারে তিনি বলেন, এটিকে মূলধারার শিক্ষার অংশ হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। এ লক্ষ্যে জাতীয় পর্যায়ে স্কিলস কম্পিটিশন, ক্যারিয়ার ফেয়ার এবং চাকরির সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, “আমরা চাই কারিগরি শিক্ষা একটি সম্মানজনক শিক্ষাধারা হিসেবে প্রতিষ্ঠিত হোক, যাতে শিক্ষার্থীরা শিক্ষা শেষ করার আগেই কর্মসংস্থানের সুযোগ পায়।” সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :