৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের অর্থনীতি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশের অর্থনীতি প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। সরকারি প্রাথমিক হিসাব অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) দাঁড়িয়েছে ৫০১ বিলিয়ন ডলার।

বুধবার (১০ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সূত্রে এ তথ্য জানা গেছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, এক বছর আগে দেশের অর্থনীতির আকার ছিল ৪৫৬ বিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে জিডিপির আকার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বিবিএসের তথ্যমতে, চলতি অর্থবছরে দেশের সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যা আগের অর্থবছরের ৩ দশমিক ৪৯ শতাংশের তুলনায় বেশি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পূর্বাভাসে প্রবৃদ্ধি ৪ শতাংশের নিচে থাকতে পারে বলা হলেও প্রাথমিক হিসাবে তা ছাড়িয়ে গেছে।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, কৃষি ও সেবা খাত প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৮ শতাংশ এবং সেবা খাতে ৪ দশমিক ৫৯ শতাংশ।

অন্যদিকে, শিল্প খাতে প্রবৃদ্ধি কিছুটা কমে ২ দশমিক ৮৬ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৭১ শতাংশ। অর্থনীতিবিদদের মতে, রপ্তানি প্রবৃদ্ধির ধীরগতি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় শিল্প খাতে এই শ্লথতা দেখা দিয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও ৫০০ বিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানো বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এটি দেশের অর্থনৈতিক সক্ষমতা ও বাজার সম্প্রসারণের একটি ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।