নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার- ৭, মাদক উদ্ধার


শাহীন আলম সাজু, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ১:৫৩ অপরাহ্ণ
নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার- ৭, মাদক উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে চারজন মাদক কারবারিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৪০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম। এর আগে সোমবার দিন ও রাতে পৃথক অভিযানে এসব গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার অভিযানের সময় একজনের দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া একজন মাদক কারবারি হলেন মো. সাগর (২৫)। তিনি উপজেলার ভরতেতুলিয়া মাঝগ্রাম মধ্যপাড়ার আলাউদ্দিনের ছেলে।

একই দিনে পৃথক অভিযানে ৪০ পিস ইয়াবাসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—বুড়ইল ইউনিয়নের কহুলী মহল্লার গোলাম মোস্তফার ছেলে আব্দুস সালাম (৩৯), মৃত গুল মাহমুদের ছেলে গোলাম মোস্তফা (৬২) এবং ভদ্রদীঘি এলাকার মৃত ছেবের উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩৮)।

গ্রেপ্তার চার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া ওয়ারেন্টভুক্ত আরও তিনজনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—থালতা মাঝগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে গোলাম মোস্তফা, চককয়া গ্রামের মৃত শহীদ আলীর ছেলে আফসার আকন্দ এবং জামালপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে আল আমিন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।