সরানো হলো ৬১ অবৈধ স্থাপনা

রায়পুরে ডাকাতিয়া নদীর সংযোগ খালে উচ্ছেদ অভিযান


রায়পুর প্রতিনিধি, হাছান আহমাদ  প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
রায়পুরে ডাকাতিয়া নদীর সংযোগ খালে উচ্ছেদ অভিযান

লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিয়া নদীর সংযোগ খাল দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বংশী ব্রিজ এলাকা থেকে খাসেরহাট বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খালের ওপর নির্মিত তিনটি ব্রিজসহ মোট ৬১টি অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। সরকারি ১২ কিলোমিটার খাল খনন প্রকল্পের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানের প্রথম দিনের কার্যক্রম বিকেল সোয়া ৫টায় শেষ হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরদিনও উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার, সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. সাজেদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চরবংশী ও স্টিল ব্রিজসংলগ্ন এলাকায় খালের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা ও ভবন নির্মাণ করা হয়েছিল। খালের দুই পাড় দখল হয়ে যাওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল এবং সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। এ কারণে অবৈধ দখল উচ্ছেদের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী গোকুল চন্দ্র বলেন, খাল পুনঃখনন কার্যক্রমের স্বার্থে বংশীব্রিজ এলাকায় ৩টি ব্রিজ ও ৬১টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য খালের অবৈধ দখলও উচ্ছেদ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার জানান, রায়পুরের তিনটি ইউনিয়নে খাল খননের কাজ চলমান রয়েছে। সেই প্রকল্পের অংশ হিসেবেই প্রয়োজনীয় নোটিশ প্রদান শেষে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনের নির্দেশনায় এ অভিযান শুরু হয়েছে। খালের দুই পাড়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।