মাদক বিরোধী আন্দোলন ও বিক্ষোভ মিছিল, মাদকমুক্ত সমাজ গঠনের দাবি


ইছাহাক হোসেন, এনায়েতপুর( সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ
মাদক বিরোধী আন্দোলন ও বিক্ষোভ মিছিল, মাদকমুক্ত সমাজ গঠনের দাবি

সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার দাবিতে মাদকবিরোধী আন্দোলন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এনায়েতপুর কাপড়ের হাটের দক্ষিণে বালুর চর এলাকার বাইতুল আমান জামে মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, এলাকায় মাদকের বিস্তার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এর ফলে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে এবং সামাজিক অপরাধও বৃদ্ধি পাচ্ছে। তারা দ্রুত মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মিছিলটি মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এনায়েতপুর কাপড়ের হাটের বউ বাজারে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আন্দোলনকারীদের একজন বিজয় আহম্মেদ বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

বিক্ষোভকারীরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নিয়মিত অভিযান পরিচালনা এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পরে তারা একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।