মিরপুরে মাদক সম্রাট জাহিদকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা


মিরপুর উপজেলা প্রতিনিধি,আশিক প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
মিরপুরে মাদক সম্রাট জাহিদকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা

কুষ্টিয়ার মিরপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহিদকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। এতে মিরপুর থানার দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) গুরুতর আহত হন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মিরপুর থানার এএসআই শামসু ও এএসআই ফারুক। বর্তমানে তারা মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বলিদাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় মশান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহিদের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করতে গেলে সে ও তার সহযোগীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে জাহিদ পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে দুই কর্মকর্তাকে আহত করে।

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টার দিকে মশান এলাকা থেকে জাহিদকে গ্রেপ্তার করে। এ সময় তার প্রাইভেটকার থেকে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহিদ একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তাকে গ্রেপ্তারের সময়ই পুলিশের ওপর হামলা চালানো হয়, এতে দুই কর্মকর্তা আহত হন।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা চলমান আছে।