শহীদ জিয়া অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন: মির্জা ফখরুল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
শহীদ জিয়া অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন: মির্জা ফখরুল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৮ জুন) রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের ইতিহাসের এক সংকটময় মুহূর্তে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি দাবি করেন, সে সময় রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিল এবং অনেকেই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। এমন পরিস্থিতিতে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে জনগণকে সংগঠিত করেছিলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি পুনর্গঠন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং উন্নয়নের ভিত্তি গড়ে তুলতে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার দেশপ্রেম, সততা এবং নেতৃত্বগুণ আজও মানুষের কাছে অনুকরণীয় বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “জাতীয় ঐক্য, ধর্মীয় সম্প্রীতি ও দেশপ্রেমের যে আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন, তা আজও বাংলাদেশের মানুষের জন্য প্রাসঙ্গিক। তিনি এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে।”

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “১৯৭১ সালে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ একসঙ্গে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। একাত্তর আমাদের ইতিহাস, আমাদের অস্তিত্বের অংশ। এটি কখনো অস্বীকার করার সুযোগ নেই।” তিনি আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন সৎ ও দেশপ্রেমিক নেতা। তার দেখানো পথ অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক, সহনশীল ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান প্রজন্মের দায়িত্ব।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।