কক্সবাজারের চাঞ্চল্যকর জোড়া খু’নে’র মূলহোতা গ্রেফতার


চট্টগ্রাম প্রতিনিধি, মারুফ প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
কক্সবাজারের চাঞ্চল্যকর জোড়া খু’নে’র মূলহোতা গ্রেফতার

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় সংঘটিত দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী আসিফ ও হৃদয় ‘জোড়া হত্যাকাণ্ড’-এর প্রধান পলাতক আসামি জিয়াউর রহমান জিয়া (৩৫)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

সোমবার (৮ জুন) রাত পৌনে ৩টার দিকে কক্সবাজারের রামু থানাধীন দুর্গম উখিয়ার ঘোনা (গনিয়া কাটা) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত জিয়াউর রহমান জিয়া কক্সবাজার সদর পৌরসভার ৭নং ওয়ার্ডের ইসলামপুর পাহাড়তলী এলাকার মৃত নজির আহমেদের ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, জোড়া খুন ছাড়াও তার বিরুদ্ধে আরও দুটি হত্যা ও মাদকসহ মোট আটটি মামলা রয়েছে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, নৃশংস এই হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি রামুর একটি দুর্গম পাহাড়ি এলাকায় আত্মগোপনে রয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার রাত ২টা ৫০ মিনিটে উখিয়ার ঘোনা এলাকায় র‌্যাব-১৫ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াউর রহমান স্বীকার করেছে, গ্রেফতার এড়াতেই তিনি ওই দুর্গম এলাকায় আত্মগোপনে ছিলেন।

এ ঘটনায় নিহত আসিফের পিতা মোঃ ইসমাইল কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১১, তারিখ: ০৫-০৬-২০২৬ খ্রি.)।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।