বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে এখন চলছে ভোট গণনা। রোববার (৭ জুন) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দিনের শুরুতে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও প্রথম দিকে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে এবং নির্বাচন প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

নির্বাচনে বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীরা অংশ নেন। ভোটাধিকার প্রয়োগ করেন জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারসহ বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধি ভোটাররা। ভোট দেওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন তামিম ইকবাল, ইসরাফিল খসরু, রুবেল হোসেন, ফাহিম সিনহা, সাইদ ইব্রাহিম আহমেদ, রফিকুল ইসলাম বাবু, শানিয়ান তানিম, মিজানুর রহমান ও আমজাদ হোসেন।

নির্বাচনী কাঠামো অনুযায়ী মূলত ক্যাটাগরি-১ ও ক্যাটাগরি-২–এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে ক্যাটাগরি-৩ থেকে একটি পরিচালক পদে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর একক প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ক্যাটাগরি-২ থেকেও সাতজন প্রার্থী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদ নিশ্চিত করেন। ফলে মোট ৮টি পদে নির্বাচনের আগেই ফল নির্ধারিত হয়ে যায়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চলমান নির্বাচনে ৩৯ জন ভোটার ই-ভোটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ই-ভোট জমা দেওয়ার শেষ সময় ছিল রোববার দুপুর ১টা পর্যন্ত। ১৫টি পরিচালক পদের জন্য বিভিন্ন বিভাগ ও ক্লাব পর্যায়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। খুলনা বিভাগে দুটি পদের বিপরীতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বরিশালের একটি আসনের জন্যও একাধিক প্রার্থী মাঠে ছিলেন। একইভাবে ক্লাব ক্যাটাগরিতে ১২টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী লড়াই করেন।

ক্লাব ক্যাটাগরির উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস), ফাহিম সিনহা (আবাহনী), মাসুদুজ্জামান (মোহামেডান), রফিকুল ইসলাম বাবু, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, শানিয়ান তানিমসহ আরও অনেকে। পরিচালক পদে ফলাফল ঘোষণার পর সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন, যা পুরো বিসিবি নির্বাচনের চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) এই নির্বাচন ঘিরে ক্রিকেটাঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। চূড়ান্ত ফলাফল ঘোষণার পর নতুন নেতৃত্বের অধীনে বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দৃষ্টি থাকবে দেশের ক্রিকেটপ্রেমীদের।