নরসিংদীতে একই পরিবারের দুই স্কুলছাত্রের প্রাণ ঝরল সড়ক দুর্ঘটনায়


বেলাবো প্রতিনিধি, জহিরুল হক  প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
নরসিংদীতে একই পরিবারের দুই স্কুলছাত্রের প্রাণ ঝরল সড়ক দুর্ঘটনায়

নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাব ইউনিয়নের নোতন বাজার এলাকায় গত শুক্রবার রাতে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের দুই স্কুলছাত্র নিহত হয়েছেন।

মৃতরা হলেন মামুন মিয়ার ছেলে সুহান (১৪) এবং নুরুল ইসলামের ছেলে নাহিদ (১৪)। দুর্ঘটনায় মোটরসাইকেলের তৃতীয় আরোহী সুমন মিয়ার ছেলে সিয়াম (১৫) গুরুতর আহত হলেও বেঁচে গেছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, বেলাবো সদর থেকে পোড়াদিয়া আঞ্চলিক প্রধান সড়কে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের মুহূর্তে দুই জন ঘটনাস্থলেই মারা যান। নিহত দুই জন চাচা ও ভাতিজা, আর বেঁচে যাওয়া সিয়াম প্রতিবেশী।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও আত্মীয়স্বজন এই দুর্ঘটনা মেনে নিতে পারছেন না। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল চালানোর বয়সী বাচ্চাদের ঝুঁকির কারণে ঘটে।

দুর্ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।