তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

শনিবার (৬ জুন) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

বৈঠকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে তুরস্কের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়। হাকান ফিদানও প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট এরদোয়ানের শুভেচ্ছা পৌঁছে দেন।

উভয়পক্ষ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বার্ষিক ফরেন অফিস কনসালটেশন আয়োজনের বিষয়ে একমত হন এবং দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর অংশগ্রহণে প্রতিবছর ‘টু প্লাস টু’ (২+২) পরামর্শ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া, রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে যুক্ত করে একটি যৌথ পরামর্শ কাঠামো গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক পর্যালোচনা করা হয়। বিশেষভাবে রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, বিনিয়োগ, যৌথ উৎপাদন ও আঞ্চলিক স্বার্থ সম্পর্কিত বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।