
রাজধানীর উত্তরখান ও মিরপুরের পাইকপাড়ায় পৃথক দুটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নারীসহ মোট ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তাদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শনিবার (৬ জুন) পৃথক সময়ে এই দুটি দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে উত্তরখান এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে হাসনা হেনা (৪০), আঁখি (৩০) ও আলী হোসেন (৫০) নামে তিনজন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, উত্তরখানের ঘটনায় আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ এবং হাসনা হেনার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আঁখির শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং তিনি চিকিৎসাধীন আছেন।
এর আগে ভোর সাড়ে চারটার দিকে মিরপুরের পাইকপাড়া এলাকায় গ্যাস লিকেজের সামনে সিগারেট জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে মিরাজ, সুজন ও বিপ্লব নামে তিন যুবক দগ্ধ হন।
চিকিৎসকেরা জানান, মিরপুরের ঘটনায় মিরাজের শরীরের ১৫ শতাংশ, সুজনের ২৪ শতাংশ এবং বিপ্লবের ১০ শতাংশ পুড়ে গেছে। তারা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা বলছেন, গ্যাস লিকেজে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সামান্য অসতর্কতাও প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে। ফলে বাসাবাড়িতে গ্যাসের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :