বিশ্বকাপের প্রচারণায় শিল্পকর্ম নষ্টের অভিযোগ, ফিফার বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার মামলা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
বিশ্বকাপের প্রচারণায় শিল্পকর্ম নষ্টের অভিযোগ, ফিফার বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার মামলা

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর প্রচারণার জন্য নিজের বিখ্যাত তিমির দেয়ালচিত্র মুছে ফেলার অভিযোগে ফিফাসহ সংশ্লিষ্ট কয়েকটি পক্ষের বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলারের মামলা দায়ের করেছেন মার্কিন শিল্পী রবার্ট ওয়াইল্যান্ড।

ডালাস শহরের কেন্দ্রস্থলে একটি ভবনের দুই পাশে প্রায় ১৭ হাজার বর্গফুটজুড়ে আঁকা ছিল এই বিশাল দেয়ালচিত্র। ‘হোয়েলিং ওয়াল ৮২’ নামে পরিচিত এই শিল্পকর্মটি ওয়াইল্যান্ড ১৯৯৯ সালে সম্পন্ন করেন। প্রায় তিন দশক ধরে এটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন হিসেবে বিবেচিত হয়ে আসছিল।

সোমবার (১ জুন) ডালাসের ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ওয়াইল্যান্ড অভিযোগ করেন, বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ, ভবনের মালিক এবং ব্যবস্থাপনা প্রতিষ্ঠান তার অনুমতি বা পূর্ব নোটিশ ছাড়াই দেয়ালচিত্রটি রঙ দিয়ে ঢেকে দিয়েছে। তার দাবি, এ পদক্ষেপ ১৯৯০ সালের ‘ভিজ্যুয়াল আর্টিস্টস রাইটস অ্যাক্ট’ লঙ্ঘন করেছে, যা জনসমক্ষে প্রদর্শিত গুরুত্বপূর্ণ শিল্পকর্মকে ধ্বংস বা বিকৃতির হাত থেকে সুরক্ষা দেয়।

মামলায় আরও বলা হয়, বিশ্বকাপ প্রচারণার অংশ হিসেবে সংশ্লিষ্ট পক্ষগুলো তাড়াহুড়ো করে শহরের একটি ঐতিহাসিক শিল্পনিদর্শনকে স্থায়ীভাবে পরিবর্তন করেছে। তবে ফিফা এ অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, দেয়ালচিত্র অপসারণের সঙ্গে ফিফার কোনো সম্পৃক্ততা নেই।

অন্যদিকে স্থানীয় বিশ্বকাপ আয়োজক কমিটি জানিয়েছে, পুরোনো দেয়ালচিত্রের স্থানে নতুন একটি শিল্পকর্ম স্থাপন করা হবে, যেখানে বিশ্বকাপকে ঘিরে শহরের বর্তমান ঐতিহাসিক মুহূর্ত ও বৈশ্বিক উচ্ছ্বাস তুলে ধরা হবে। পাশাপাশি ওয়াইল্যান্ডের মূল শিল্পকর্মের একটি অংশ সংরক্ষণের পরিকল্পনাও রয়েছে।

এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে অনলাইনে একটি পিটিশন চালু হয়েছে, যেখানে ইতোমধ্যে ২ হাজার ৬০০-এর বেশি মানুষ স্বাক্ষর করেছেন। বিষয়টি শিল্পী অধিকার, ঐতিহাসিক শিল্প সংরক্ষণ এবং বড় ক্রীড়া আয়োজনের প্রভাব নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।