
রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়েছে, বদ্ধ কক্ষে অক্সিজেনের ঘাটতি এবং পরিবেশগত অস্বাভাবিকতাই শিশুদের মৃত্যুর অন্যতম কারণ।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, হাসপাতালের নবজাতক রাখার কক্ষটি চিকিৎসা সেবার জন্য উপযুক্ত ছিল না। সেখানে এসি বন্ধ থাকায় অক্সিজেনের মাত্রা কমে যায় এবং কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, যা নবজাতকদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, তদন্ত প্রতিবেদনে নার্সদের অবহেলা এবং ঘটনার পর যথাযথ সময়ে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা না নেওয়ার বিষয়টিও উঠে এসেছে। তিনি বলেন, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ২৭ মে ওই হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে ৭২ ঘণ্টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেয়। পরে আংশিক প্রতিবেদন জমা দেওয়া হয় এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য অতিরিক্ত সময় নেওয়া হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই স্বাস্থ্য খাতে ব্যবস্থাপনা ও হাসপাতালের নিরাপত্তা মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার মতামত লিখুন :