রাতে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
রাতে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

রাতের মধ্যে দেশের ১২টি অঞ্চলে আকস্মিক ঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। ঝড়ের আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে জানানো হয়, শুক্রবার (৫ জুন) সকাল ৯টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’একটি স্থানে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এছাড়া চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়াসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকবে। রাতের তাপমাত্রা সারাদেশে প্রায় একই থাকতে পারে বলে জানানো হয়েছে। আর্দ্রতার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরমের অস্বস্তি অব্যাহত থাকতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।