
দেশের কর নির্ধারণ বা ট্যাক্সেশন ব্যবস্থায় সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই দুর্নীতি কমাতে এবং কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার ট্যাক্সেশন ব্যবস্থাকে দ্রুত ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে।
বুধবার (৩ জুন) রাতে রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ (ডিএফআই) আয়োজিত ‘প্রি-বাজেট রাউন্ড টেবিল ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে এই ট্যাক্সেশনে। এজন্য আমরা কর ব্যবস্থাকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ট্যাক্সেশন খাতকে ডিজিটাল ব্যবস্থায় নিয়ে আসাই সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ।”
তিনি ব্যবসায়ীদের দীর্ঘদিনের ভোগান্তির বিষয় তুলে ধরে বলেন, দেশের বন্দরগুলোতে পণ্য খালাস প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় ব্যয় ও সময়ক্ষেপণ এখনো বড় সমস্যা। অনেক ক্ষেত্রে আমদানি করা কাঁচামালের নমুনা যাচাইয়ের জন্য ঢাকায় পাঠাতে হয়, যার কারণে পণ্য ছাড়ে বিলম্ব হয়। এতে বন্দরের চার্জ, ব্যাংক ব্যয় এবং উৎপাদন ব্যয় বেড়ে যায়, যা শেষ পর্যন্ত শিল্প খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
কাস্টমস হাউজে পণ্য যাচাইয়ের স্ক্যানিং মেশিন দীর্ঘদিন অচল থাকার বিষয়েও প্রশ্ন তোলেন অর্থমন্ত্রী। তিনি ইঙ্গিত দেন, কিছু ক্ষেত্রে দুর্নীতির সুযোগ তৈরি করতেই এসব যন্ত্র অচল রাখা হয়। তার ভাষায়, স্ক্যানিং ব্যবস্থা সচল থাকলে অনিয়ম ও ঘুষের সুযোগ অনেকাংশে কমে যায়। ফলে ব্যবসায়ীরা হয়রানির শিকার হন এবং পণ্য খালাস প্রক্রিয়া অযথা দীর্ঘায়িত হয়।
অর্থমন্ত্রী জানান, বন্দর ও কাস্টমস-সংক্রান্ত এসব সমস্যা সমাধানে ব্যবসায়ী সমাজকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
কাস্টমস ব্যবস্থার নীতিনির্ধারণ প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, শুধু আমলাতান্ত্রিক কাঠামোর ওপর নির্ভর করে নীতিনির্ধারণ করা হলে বাস্তব ব্যবসায়িক চাহিদা ও দেশের অর্থনৈতিক বাস্তবতা প্রতিফলিত হয় না। তাই নীতিনির্ধারণে ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সদস্য ইসরাফিল খসরুসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :