
সাতক্ষীরা সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (৩ জুন) রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহতরা হলেন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে শাহিন (৩০) এবং একই গ্রামের গোলাম রব্বানীর ছেলে মহিউদ্দিন (৪৩)।
স্থানীয়দের দাবি, গুলিবিদ্ধ হওয়ার পর সীমান্ত এলাকায় থাকা দালালদের সহযোগিতায় একটি প্রাইভেটকারে করে আহতদের কালীগঞ্জ উপজেলার পাউখালী এলাকায় আনা হয়। পরে স্থানীয়দের সহায়তায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুজায়েদ হোসেন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, মহিউদ্দিনের মাথা ও হাতের কব্জিতে এবং শাহিনের পিঠে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে।
খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ হাসপাতালে পৌঁছে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেয়। তবে ঘটনার স্থান ও ঘটনার প্রকৃত কারণ নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। কেউ কেউ দাবি করছেন ঘটনাটি সাতক্ষীরা সদরের কুশখালী সীমান্তে ঘটেছে, আবার কেউ বলছেন কালীগঞ্জের বসন্তপুর বা বাঁশঝাড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটতে পারে। তবে সংশ্লিষ্ট সীমান্ত ক্যাম্প সূত্র থেকে এমন ঘটনার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
চিকিৎসক ডা. সুজায়েদ হোসেন আরও জানান, আহতরা তাকে জানিয়েছেন যে তারা প্রায় এক বছর আগে কাজের উদ্দেশ্যে ভারতের তামিলনাড়ুতে গিয়েছিলেন এবং সেখানে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। পরে দালালদের সহায়তায় সীমান্ত অতিক্রম করে দেশে ফেরার চেষ্টা করলে এ ঘটনা ঘটে বলে তারা দাবি করেছেন।
বর্তমানে আহত দুই ব্যক্তি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রকৃত কারণ ও স্থান সম্পর্কে নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :