যুক্তরাজ্যে রয়্যাল নেভির হেলিকপ্টার বিধ্বস্ত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
যুক্তরাজ্যে রয়্যাল নেভির হেলিকপ্টার বিধ্বস্ত

যুক্তরাজ্যের রয়্যাল নেভির একটি সামরিক হেলিকপ্টার ইংল্যান্ডের সাওয়ারটন ডাউন এলাকায় একটি ফাঁকা মাঠে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় উদ্ধারকারী ও জরুরি সেবা দল ঘটনাস্থলে কাজ করছে।

বুধবার (৩ জুন) স্থানীয় পুলিশ জানিয়েছে, ওকেহ্যাম্পটনের কাছে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি রয়্যাল নেভির এবং ওই এলাকায় নিয়মিত সামরিক প্রশিক্ষণ কার্যক্রম চলছিল। রয়্যাল নেভির এক মুখপাত্র জানান, স্থানীয় সময় ভোর ৪টার কিছু আগে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত চলমান থাকায় আপাতত বিস্তারিত কোনো মন্তব্য করা হচ্ছে না।

দুর্ঘটনার পর ভোর সাড়ে ৪টার দিকে নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এ৩৮৬ রোডের একটি বড় অংশ দুপুর পর্যন্ত বন্ধ থাকতে পারে।

এদিকে সাওয়ারটন ক্রস সার্ভিসেস স্টেশনের কর্মীরা জানিয়েছেন, সড়ক বন্ধ ও পুলিশি তৎপরতার কারণে তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। হেলিকপ্টারে থাকা আরোহীদের অবস্থা বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য জানায়নি পুলিশ।