
নওগাঁ শহরে চলন্ত একটি যাত্রীবাহী বাসের বক্সের ঢাকনা (ব্যাগডালা) খুলে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় আঘাত করলে নওসাদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা দুই শিশু আহত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শহরের ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন তুলশীগঙ্গা ব্রিজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নওসাদ নওগাঁ সদর উপজেলার দোগাছী সিংড়াপাড়া গ্রামের মৃত জাফির আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ‘শাহ সুলতান’ নামের একটি এসি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি তুলশীগঙ্গা ব্রিজ মোড় এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত এর লাগেজ বক্সের ঢাকনা খুলে যায়। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে ঢাকনাটির সজোরে সংঘর্ষ হয়।
আঘাতে অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নওসাদের মৃত্যু হয়। পাশাপাশি অটোরিকশায় থাকা দুই শিশুও গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :