আশাশুনিতে জলাবদ্ধতা নিরসনে ৩৯ খাল পুনঃখননের উদ্যোগ


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
আশাশুনিতে জলাবদ্ধতা নিরসনে ৩৯ খাল পুনঃখননের উদ্যোগ

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় জলাবদ্ধতা দূরীকরণ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং কৃষি উৎপাদনে প্রতিবন্ধকতা কমাতে ৩৯টি খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডিও লেটার প্রেরণ করেছেন।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে তিনি এ ডিও লেটার প্রদান করেন। এর আগে উপজেলার সব খাল পুনঃখননের দাবিতে ডিও লেটার দেওয়া হলেও এবার অগ্রাধিকার ভিত্তিতে ৩৯টি খাল নির্বাচন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাশিদুল ইসলাম, এসও আলমগীর, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম হেদায়েতুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস এবং এমপির ব্যক্তিগত সহকারী শরিফুল ইসলাম।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পূর্বে প্রেরিত তালিকা থেকে বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ ৩৯টি খাল পুনঃখননের জন্য চিহ্নিত করা হয়। এসব খালের মধ্যে রয়েছে সদর ইউনিয়নের পূর্ববিল, বলাবাড়িয়া, শবদলপুর, বেতুয়ার বিল ও শ্রীকলস খাল; শ্রীউলা, প্রতাপনগর, আনুলিয়া, খাজরা, বড়দল, বুধহাটা ও কাদাকাটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ খালসহ জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় একাধিক পানি নিষ্কাশন চ্যানেল।

জানা গেছে, চিহ্নিত খালগুলো পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পুনঃখননের জন্য প্রয়োজনীয় অনুমোদন ও বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, খালগুলো পুনঃখনন করা হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষি ও জনজীবনে ইতিবাচক প্রভাব পড়বে।