মাসজুড়ে একাধিক তাপপ্রবাহের শঙ্কা, কমতে পারে বৃষ্টি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
মাসজুড়ে একাধিক তাপপ্রবাহের শঙ্কা, কমতে পারে বৃষ্টি

আবহাওয়া অধিদপ্তরের জুন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হতে পারে। সাধারণত জুনের মাঝামাঝি সময়ে বর্ষা মৌসুম শুরু হয় এবং আষাঢ় মাসে বছরের অন্যতম সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে এবার সেই স্বাভাবিক প্রবণতায় কিছুটা ব্যত্যয় ঘটার আভাস মিলেছে।

পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির পরিমাণ কম থাকায় দেশের বিভিন্ন স্থানে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। মাসজুড়ে দুই থেকে তিনটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, জুন মাসে বঙ্গোপসাগরে এক বা একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি লঘুচাপ মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে, যা দেশের আবহাওয়ায় কিছুটা প্রভাব ফেলতে পারে।

এদিকে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) সতর্ক করে জানিয়েছে, চলতি মাস থেকে আগস্টের মধ্যে ‘এল নিনো’ পরিস্থিতি সক্রিয় হওয়ার সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ। উষ্ণমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে এল নিনো পরিস্থিতির সৃষ্টি হয়।

ডব্লিউএমওর মতে, এল নিনোর প্রভাবে বিশ্বব্যাপী তাপমাত্রা ও বৃষ্টিপাতের স্বাভাবিক ধরণে বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। এর প্রভাব দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে কম বৃষ্টিপাত, তাপমাত্রা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়াতে পারে।

আঞ্চলিক জলবায়ু পূর্বাভাস বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় চলতি মৌসুমে গড়ের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে কৃষি, পানি ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের প্রয়োজন হতে পারে।