
সরকার প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ ও রদবদল করেছে। এর অংশ হিসেবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন সড়ক ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জিন্নাত রেহানা।
সোমবার (১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, জিন্নাত রেহানাকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ধর্ম মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানকে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তার চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।
একইসঙ্গে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বিন্যাসের অংশ হিসেবে কয়েকজন অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। এর মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশিদা ফেরদৌসকে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বদরুন নাহারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এসব নিয়োগ ও বদলি অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ করতে নিয়মিতভাবে এ ধরনের পদায়ন ও রদবদল করা হয়ে থাকে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :