
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলায় আজ মঙ্গলবার (২ জুন) সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। অভিযোগ গঠন শুনানি শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে পাঠিয়ে এ দিন ধার্য করেন।
সোমবার (১ জুন) ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে প্রধান আসামি সোহেল রানা এবং অপর আসামি স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে মামলার অভিযোগ গঠন সম্পন্ন করেন এবং সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী দিন নির্ধারণ করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ মে আদালত পুলিশের দাখিল করা অভিযোগপত্র আমলে নেন। একই সঙ্গে ১ জুন অভিযোগ গঠন শুনানির তারিখ ধার্য করা হয়েছিল। তদন্তে প্রাপ্ত ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন এবং বিভিন্ন ফরেনসিক আলামতের ভিত্তিতে মামলার অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে পরদিন শিশুটির বাবা পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তের একপর্যায়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
আজ সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম নতুন ধাপে প্রবেশ করবে। এ পর্যায়ে মামলার তদন্ত কর্মকর্তা, চিকিৎসক, ফরেনসিক বিশেষজ্ঞসহ বিভিন্ন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হতে পারে। সাক্ষীদের বক্তব্য ও উপস্থাপিত আলামতের ভিত্তিতে মামলার পরবর্তী বিচারিক প্রক্রিয়া এগিয়ে যাবে।
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষ্যগ্রহণ পর্বের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আলোচিত এ মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আপনার মতামত লিখুন :