রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা ফিনল্যান্ডের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১, ২০২৬, ৬:২৪ পূর্বাহ্ণ
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা ফিনল্যান্ডের

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ লাখ ইউরো আর্থিক সহায়তা দিয়েছে ফিনল্যান্ড। মানবিক সংকট ও তহবিল ঘাটতির মধ্যে শরণার্থীদের জরুরি সুরক্ষা ও জীবনরক্ষাকারী কার্যক্রম অব্যাহত রাখতে এই সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (৩১ মে) জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংস্থাটি বলেছে, নতুন এই অর্থায়ন রোহিঙ্গা শিবিরে বিদ্যমান তহবিল সংকট মোকাবিলার পাশাপাশি শরণার্থীদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়ে রয়েছে, যারা এক দশক আগে মিয়ানমারে নির্যাতন ও সহিংসতার মুখে দেশ ছেড়ে পালিয়ে আসে। সীমিত কর্মসংস্থানের কারণে তাদের অধিকাংশ পরিবার মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

ইউএনএইচসিআর জানিয়েছে, ২০২৫ সালে মাত্র ২৩ শতাংশ রোহিঙ্গা পরিবার কাজের বিনিময়ে অর্থ কর্মসূচির আওতায় আয় করতে পেরেছে। অন্যদিকে ৪২ শতাংশ পরিবার অনিয়মিত ও অস্থায়ী আয়ের ওপর নির্ভরশীল ছিল এবং ৩৫ শতাংশ পরিবারের কোনো আয় ছিল না।

তহবিল সংকটের কারণে নারী, কিশোরী, প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ মানুষ এবং ২০২৪ সালের শুরু থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি।

বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, অর্থায়ন সংকট, শিবিরের অবনতিশীল পরিবেশ ও বাড়তে থাকা সুরক্ষা ঝুঁকির এই সময়ে ফিনল্যান্ডের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, মিয়ানমারে নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন।

নয়াদিল্লিতে ফিনল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মারি আহমেদ বলেন, ফিনল্যান্ড রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশের পাশে রয়েছে। তিনি মৌলিক সহায়তার পাশাপাশি দক্ষতা উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ শরণার্থীদের জন্য দীর্ঘমেয়াদি সহায়তায় বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

গত ২০ মে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ২০২৬ সালের হালনাগাদ জয়েন্ট রেসপন্স প্ল্যান প্রকাশের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নতুন করে সহায়তার আহ্বান জানায় জাতিসংঘ ও এর অংশীদার সংস্থাগুলো। এর পরপরই ফিনল্যান্ডের এই অনুদান এলো।

সংশোধিত পরিকল্পনা অনুযায়ী, রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠী মিলিয়ে প্রায় ১৫ লাখ ৬০ হাজার মানুষের সহায়তায় ৭১ কোটি ৫ লাখ মার্কিন ডলার প্রয়োজন। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬০ শতাংশ অর্থ সংগ্রহ করা হয়েছে।

এদিকে, রোহিঙ্গা সংকটে সহায়তার পাশাপাশি ২০২৬ সালে ইউএনএইচসিআরকে আরও ৭০ লাখ ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে ফিনল্যান্ড। এই অর্থ বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান মানবিক সংকটে জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হবে।

ইউএনএইচসিআর বলেছে, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশে মানবিক সহায়তা কার্যক্রম সচল রাখতে আন্তর্জাতিক সহযোগিতা ও পর্যাপ্ত অর্থায়ন অপরিহার্য।