শিবগঞ্জে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট


শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি, আব্দুর রহিম  প্রকাশের সময় : মে ৩১, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
শিবগঞ্জে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ দহপাড়া গ্রামে একটি বসতবাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতরা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র ও একটি স্মার্টফোন লুট করে নিয়ে গেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ দহপাড়া গ্রামের বাসিন্দা মো. জিয়াউল হক শিবগঞ্জ থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, ৩০ মে রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সময় ৩১ মে রাত আনুমানিক ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল তাদের বাড়িতে প্রবেশ করে।

জিয়াউল হকের ভাষ্য অনুযায়ী, ডাকাতরা তার ছেলে মো. উজ্জল হোসেনের খোঁজ করতে থাকে। ছেলের অবস্থান সম্পর্কে কিছু জানাতে না পারায় তাকে মারধর করা হয়। একপর্যায়ে হাত-পা বেঁধে ফেলার চেষ্টা করলে বাধা দেওয়ার সময় ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাত আহত হয়।

পরিবারের অভিযোগ, জিয়াউল হকের স্ত্রী মোছা. আবেদা বেগম ও মেয়ে মোছা. নাজরীন আক্তার নীলাকেও মারধর করে হাত-পা বেঁধে রাখা হয়। পরে ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, প্রায় এক ভরি ওজনের স্বর্ণালঙ্কার, জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং একটি স্মার্টফোন নিয়ে যায় দুর্বৃত্তরা।

অভিযোগে আরও বলা হয়েছে, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে প্রতিবেশী আবু তাহের ও আছালত জামান ওরফে ভুট্টার সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ঘটনার সময় মুখে বাঁধা গামছা সরে যাওয়ায় তাদের চিনতে পেরেছেন বলে দাবি করেছেন জিয়াউল হক। এছাড়া আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত ছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর আহত জিয়াউল হক শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযোগে উল্লিখিত বিষয়গুলো অভিযোগকারীর দাবি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।