শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি ডাঃবাচ্চু


শ্রীপুর প্রতিনিধি, টিপুসুলতান   প্রকাশের সময় : মে ৩১, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি ডাঃবাচ্চু

গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের ঘটনায় আহত মা-মেয়েকে দেখতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। হাসপাতালে পৌঁছে তিনি আহতদের চিকিৎসার খবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

আহতরা হলেন আতিকুল ইসলামের স্ত্রী মাকসুদা বেগম এবং তাদের কন্যা বিথি আক্তার। পরিবারের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ ও তার সহযোগীরা হামলা চালায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এমপি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন নিজের হাতে নিতে পারবে না। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা জরুরি।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পীরজাদা এস এম রুহুল আমিন, আব্দুল মোতালেব, হুমায়ন কবির সরকার, মোসলেম উদ্দিন মৃধা, আনোয়ার হোসেন বেপারী, সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন, রেজাউল করিম খোকন। এছাড়াও বিএনপি সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ আহতদের প্রতি সমবেদনা জানিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তারা বলেন, জমিজমা সংক্রান্ত যেকোনো বিরোধ আইনের মাধ্যমে সমাধান করা উচিত, সহিংসতার মাধ্যমে নয়।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আহত পরিবারও ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।