২৮ হাজার টন কো রবানির বর্জ্য ডাম্পিং করেছে ডিএসসিসি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩১, ২০২৬, ১:২৩ অপরাহ্ণ
২৮ হাজার টন কো রবানির বর্জ্য ডাম্পিং করেছে ডিএসসিসি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর দক্ষিণাঞ্চলে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম অব্যাহত রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঈদের তৃতীয় দিন পর্যন্ত মোট ২৮ হাজার ৪২৮ টন কোরবানির বর্জ্য সংগ্রহ করে মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে।

শনিবার (৩০ মে) দুপুরে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমানের পাঠানো হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা যায়।

ডিএসসিসি জানায়, ঈদের দিন বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হয়। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পরিচ্ছন্নতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কোরবানির বর্জ্য সংগ্রহ করে দ্রুত অপসারণের কাজ চালিয়ে যাচ্ছেন।

তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ১২টা পর্যন্ত মোট ২৮ হাজার ৪২৮ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে নেওয়া হয়েছে। এর মধ্যে শুধু ঈদের তৃতীয় দিনেই ৪ হাজার ৬৩৭ টন বর্জ্য ডাম্পিং করা হয়েছে।

এর আগে ঈদের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪ হাজার ৮১৪ টন বর্জ্য অপসারণ করা হয়। আর ঈদের পরদিন শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আরও ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য সংগ্রহ করে মাতুয়াইল ল্যান্ডফিলে ফেলা হয়।

ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নগরবাসীর ভোগান্তি কমাতে এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনা করা হচ্ছে। তিন দিনের ধারাবাহিক কার্যক্রমে উল্লেখযোগ্য পরিমাণ বর্জ্য অপসারণের মাধ্যমে রাজধানীর দক্ষিণাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে সংস্থাটি।