
তিন জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে এ বছরের হজের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হজের কার্যক্রম শেষ করে বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের পাশাপাশি বাংলাদেশি হাজিরাও নিজ নিজ দেশে ফেরার যাত্রা শুরু করেছেন।
শুক্রবার (২৯ মে) আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর একই রাতে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। সূচি অনুযায়ী, আগামী ১ জুলাই পর্যন্ত এই ফিরতি ফ্লাইট চলবে।
ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইট ছেড়ে আসে। প্রথম দিনেই মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরছেন।
সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এসভি-৫৮০৬-এর মাধ্যমে ফিরতি যাত্রা শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম দিনের সব ফ্লাইট মিলিয়ে বিপুল সংখ্যক হাজি বাংলাদেশে পৌঁছাবেন।
এ বছর হজযাত্রীদের যাত্রা ও ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে ধর্ম মন্ত্রণালয় সময়মতো তাঁবু ভাড়া, পরিবহন, আবাসন ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে। এয়ারলাইন্সের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুরো হজ কার্যক্রমে কোনো বড় ধরনের সূচি বিপর্যয় হয়নি বলেও জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :