ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ১:০৫ অপরাহ্ণ
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

টানা বৃষ্টিতে যখন রাজধানীর বিভিন্ন এলাকা জলাবদ্ধতায় বিপর্যস্ত, তখন ঢাকাবাসীর জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং দমকা হাওয়াসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বুধবার (১৫ জুলাই) দেশের সব বিভাগের কিছু কিছু জায়গায় এবং বৃহস্পতিবার (১৬ জুলাই) খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার এমন পূর্বাভাসে রাজধানীসহ দেশের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা, যানজট ও জনদুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।