সাতক্ষীরার কালিগঞ্জ থানার ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরনে আহত দুই


সাতক্ষীরা প্রতিনিধি, রমজান আলী প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
সাতক্ষীরার কালিগঞ্জ থানার ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরনে আহত দুই

সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন—কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম এলাকার গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও একই এলাকার কামরুল হাসান (৩০)। বর্তমানে তারা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, ঠিকাদারের মাধ্যমে কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলছিল। এ সময় শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। একপর্যায়ে শ্রমিক রফিকুল ইসলাম কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে আগে থেকে পুঁতে রাখা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় পাশে থাকা অপর শ্রমিক কামরুল হাসানের ডান পায়ে আঘাত লাগে। পরে স্থানীয়দের সহায়তায় আহত দুই শ্রমিককে উদ্ধার করে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুরাতন থানা ভবনটি ঠিকাদারের মাধ্যমে ভাঙার কাজ চলমান ছিল। হঠাৎ বিকট শব্দ শুনে তিনি ও কর্তব্যরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

তিনি আরও জানান, বিস্ফোরণের ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। কীভাবে এবং কারা ওই ককটেলটি সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।