
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) অর্জন করেছে সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থী মৃন্ময় নাথ। এ সাফল্যে পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
মৃন্ময় নাথ সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রাজার বাগান এলাকার বাসিন্দা সুজিত নাথের ছেলে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত ফলাফলে তার রোল নম্বর ২০৫৫৬৯১।
রোববার (১২ জুলাই) ফলাফল প্রকাশের পর পরিবারের সদস্যরা মৃন্ময়ের এ অর্জন উদযাপন করেন। ছেলের সাফল্যে আনন্দিত হয়ে বাবা সুজিত নাথ তাকে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।
পরিবারের সদস্যরা জানান, মৃন্ময়ের এই অর্জনের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়। পড়াশোনার সময় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের মতো নানা প্রতিকূলতা থাকলেও সে নিরলসভাবে লেখাপড়া চালিয়ে গেছে। অনেক সময় হাতপাখার বাতাস ও মোমবাতির আলোয় গভীর রাত পর্যন্ত পড়াশোনা করেছে।
মৃন্ময় জানায়, ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের সেবায় আত্মনিয়োগ করতে চায়। এ সাফল্যের জন্য সে তার শিক্ষক-শিক্ষিকা এবং বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ছেলের সাফল্যে উচ্ছ্বসিত বাবা সুজিত নাথ বলেন, “মৃন্ময়ের এই অর্জনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নানা প্রতিকূলতার মধ্যেও সে মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক দিকনির্দেশনা এবং তার নিজের কঠোর পরিশ্রমের ফলেই আজকের এই সাফল্য এসেছে।”
তিনি আরও বলেন, “সবার কাছে দোয়া ও আশীর্বাদ চাই, যেন মৃন্ময় ভবিষ্যতেও তার এই সফলতার ধারা বজায় রাখতে পারে এবং একজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হিসেবে দেশের সেবা করতে পারে।”
আপনার মতামত লিখুন :