গাছ ভেঙে পড়ে দুমড়েমুচড়ে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ১:২২ অপরাহ্ণ
গাছ ভেঙে পড়ে দুমড়েমুচড়ে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস

টানা বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বড় গাছ উপড়ে বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর পড়ে গেছে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। রোববার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ ঘটনা ঘটে। আকস্মিকভাবে গাছটি ভেঙে পড়ায় ক্যাম্পাসে থাকা শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে চলমান বৃষ্টির একপর্যায়ে হঠাৎ করেই একটি বড় গাছ উপড়ে পার্কিং এলাকায় থাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়ে যায়। গাছের আঘাতে বাসটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই সময় বাসের ভেতরে কোনো শিক্ষার্থী বা কেউ অবস্থান না করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন এবং ভেঙে পড়া গাছটি অপসারণের উদ্যোগ নেন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক বলেন, “আজ সকালে ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর একটি বড় গাছ ভেঙে পড়ে। এতে শিক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমাণ আনুমানিক তিন থেকে চার লাখ টাকা হতে পারে।”

তিনি আরও বলেন, ক্যাম্পাসে বেশ কিছু ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। এসব গাছ দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। কারণ কোনো একটি ঝুঁকিপূর্ণ গাছ শিক্ষার্থী বা পথচারীদের ওপর পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক সময় পুরোনো ও দুর্বল গাছ উপড়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। তাই ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ গাছগুলো নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।