
রংপুরের পীরগঞ্জ উপজেলার গন্ধর্বপুর গ্রামের কৃতি সন্তান নাবিরা হুদা পুস্পিতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ লেকচারার হিসেবে যোগদান করেছেন। তাঁর এই অর্জনে পরিবার, স্বজন ও পীরগঞ্জবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
পীরগঞ্জে পারিবারিক শেকড় হলেও রাজধানী ঢাকায় বেড়ে ওঠা পুস্পিতা ছোটবেলা থেকেই মেধাবী ও অধ্যবসায়ী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। শিক্ষাজীবনের প্রতিটি ধাপে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছেন। কঠোর পরিশ্রম, একাগ্রতা ও শিক্ষার প্রতি গভীর আগ্রহই তাঁকে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে।
নাবিরা হুদা পুস্পিতা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল থেকে এসএসসি এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে উচ্চশিক্ষা শেষ করে একই বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন।
পুস্পিতার বাবা নুরুল হুদা তালুকদার (লিটন তালুকদার) জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে কানাজাওয়া এলিমেন্টারি স্কুলে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দেশে ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর মা শাবানা নাজনীনও জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। পরিবারের বড় মেয়ে ডা. নাবিলা হুদা পুস্পা রংপুর ডেন্টাল কলেজ থেকে বিডিএস এবং ঢাকা ডেন্টাল কলেজ থেকে পিজিটি সম্পন্ন করেছেন।
নাবিরা হুদা পুস্পিতার এই সাফল্য পীরগঞ্জের তরুণ-তরুণীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। শিক্ষা ও অধ্যবসায়ের মাধ্যমে স্বপ্ন পূরণের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তাঁর এই অর্জনকে স্থানীয়রা গর্বের সঙ্গে দেখছেন।
আপনার মতামত লিখুন :