পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও সামগ্রী বিতরণ


পঞ্চগড় জেলা প্রতিনিধি, মার্শাদুল ইভেন প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও সামগ্রী বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড় জেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে অসহায়, দরিদ্র, মেধাবী শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মীদের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (১১ জুলাই) পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি।

পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ তোহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম এবং সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।

অনুষ্ঠানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শাড়িসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপকারভোগীদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।