রাজৈরে গণেশ পাগল সেবাশ্রমে মতবিনিময় সভা, এমপি জাহান্দার আলী মিয়াকে সংবর্ধনা


(প্রণব কুমার সাহা) মাদারীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
রাজৈরে গণেশ পাগল সেবাশ্রমে মতবিনিময় সভা, এমপি জাহান্দার আলী মিয়াকে সংবর্ধনা

মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি গণেশ পাগল সেবাশ্রমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াকে সংবর্ধনা দেওয়া হয় এবং আশ্রমের চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় গণেশ পাগল সেবাশ্রম প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বিশেষ অতিথি ছিলেন রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণেশ পাগল সেবাশ্রমের কুম্ভের মেলা উদযাপন কমিটির আহ্বায়ক জীবন বোস, মাদারীপুর জেলা ও রাজৈর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণেশ পাগল সেবাশ্রমের ভক্তবৃন্দ, সেবায়েতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মতবিনিময় সভার আগে কুম্ভের মেলা উদযাপন কমিটির পক্ষ থেকে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। পরে প্রধান অতিথি আশ্রমের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বক্তারা গণেশ পাগল সেবাশ্রমের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব তুলে ধরে এর অবকাঠামোগত উন্নয়ন, ভক্তদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং কুম্ভের মেলাকে আরও সুশৃঙ্খল ও আকর্ষণীয়ভাবে আয়োজনের বিষয়ে গুরুত্বারোপ করেন। শেষে আশ্রমের সার্বিক উন্নয়ন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।